লোহিত সাগরে তেল পরিবহন বন্ধের প্রস্তুতি নিতে হুথিদের নির্দেশ ইরানের

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর কোনো হামলা চালায়, তবে লোহিত সাগরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ অবরুদ্ধ করার জন্য ইয়েমেনের হুথিদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে ইরান। রয়টার্স তিনটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত এক আঞ্চলিক সূত্র জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতিনির্ধারকদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তীতে ইয়েমেনে তেহরানের মিত্র হুথিদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। তবে সংবেদনশীলতার কারণে সূত্রগুলো নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সূত্রগুলো আরও জানিয়েছে যে, তেহরানের এই অনুরোধের বিষয়টি সম্পর্কে হুথিরা খুব সম্প্রতি জানতে পেরেছে। এর আগে এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আসেনি। তবে ঠিক কী উপায়ে এই বার্তা হুথিদের কাছে পাঠানো হয়েছে বা গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকির পরপরই এটি পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে রয়টার্সের সূত্রগুলো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।

এদিকে, এই সংবেদনশীল বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথিদের একজন মুখপাত্রের কাছে অনুরোধ জানানো হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।