বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটিতে জাবির ডিন অধ্যাপক রবিউল ইসলাম

বাংলাদেশ বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। গত বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আল এমরান স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটিতে জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়, বরং সদস্য হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। অধ্যাপক ড. রবিউল ইসলাম ছাড়াও এই কমিটিতে আরও রয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।

দেশের আইনি শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন নীতি নির্ধারণী বিষয় পর্যালোচনার উদ্দেশ্যে আগামী ২১ জুলাই বিকেল ৪টায় বার কাউন্সিল ভবনে এই কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশে অর্জিত আইন ডিগ্রির সমতা নির্ধারণের জন্য ‘ইকুইভ্যালেন্স কমিটি’ গঠন, বাংলাদেশ লিগ্যাল এডুকেশন রুলস-২০২০, শিক্ষানবীশ আইনজীবীদের প্রশিক্ষণ কোর্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দুই বছরের এলএলবি (পাস) কোর্স। এছাড়া, দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনি শিক্ষা কার্যক্রম সরকারি বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা, তা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।