হলিউড অভিনেতা জ্যাকব ব্যাটালন তার দীর্ঘদিনের প্রেমিকা ও বাগদত্তা ভেরোনিকা লিয়াহভকে গোপনে বিয়ে করেছেন। মার্কিন সংবাদমাধ্যম পিপলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের মার্চ মাসে বাগদানের ঘোষণা দেওয়া এই তারকা দম্পতি সম্প্রতি ব্যক্তিগত আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও এই বিয়ের বিষয়ে জ্যাকব বা ভেরোনিকার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
তবে বিয়ের এই জল্পনা আরও জোরালো হয়েছে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রিমিয়ারে জ্যাকবকে তার বাঁ হাতের অনামিকায় সোনার আংটি পরিহিত অবস্থায় দেখা গেছে। একই সময়ে ভেরোনিকা তার ব্যক্তিগত ওয়েবসাইটে নিজের নাম পরিবর্তন করে ‘ভেরোনিকা লিয়াহভ ব্যাটালন’ হিসেবে যুক্ত করেছেন।
সম্প্রতি সহশিল্পী টম হল্যান্ড ও জেনডায়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে জ্যাকব মজার ছলে বলেন, “আমার স্ত্রী আমাকে ‘বিগ ডগ’ বলে ডাকে। আসলে ডাকে না, তবে ইচ্ছা করি ডাকুক।” অভিনেতার এই মন্তব্য বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। উল্লেখ্য, টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজে ‘নেড লিডস’ চরিত্রে অভিনয় করে জ্যাকব ব্যাটালন বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।

