অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

স্পেনের সিউতা ছিটমহলে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসীর প্রবেশের ঘটনার প্রেক্ষাপটে ইতালির সঙ্গে স্পেনের শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা বিশ্লেষণ কমিটির মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতালির বার্তা সংস্থা এএনএসএ-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সিউতায় প্রায় ৫০ হাজার অনিয়মিত অভিবাসী প্রবেশ করার পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই সিদ্ধান্তকে ‘প্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, ইউরোপীয় চুক্তির আওতায় অনুমোদিত এই ব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপের বহিঃসীমান্ত রক্ষার জন্য বর্তমান পরিস্থিতিতে অনিবার্য হয়ে উঠেছে। তাজানি আরও বলেন, সিউতার এই ঘটনা প্রমাণ করে যে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত ব্যবস্থাপনা একটি যৌথ দায়িত্ব। তিনি অনিয়ন্ত্রিত অভিবাসন, সন্ত্রাসবাদের ঝুঁকি এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ইতালি এই সিদ্ধান্তের অংশ হিসেবে স্পেনের সঙ্গে আকাশ ও সমুদ্রপথের সীমান্ত নিয়ন্ত্রণও জোরদার করেছে। অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সিউতায় গণহারে অভিবাসীদের প্রবেশকে দেশটির আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন এবং স্পেনের ভূখণ্ডের ওপর হামলা হিসেবে বর্ণনা করেছেন। তিনি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সিউতায় প্রবেশ করা প্রায় ৫০ হাজার অভিবাসীর মধ্যে ৪৮ হাজারেরও বেশি ইতিমধ্যে মরক্কোতে ফিরে গেছে।