গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের ঘোষণা এনসিপির

নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, সরকার যদি মনে করে তারা কোনোভাবেই পাঁচ বছর পার করে দেবে, তবে সেই সুযোগ দেওয়া হবে না। তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করে বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করে কোনো সরকারের টিকে থাকা সম্ভব নয়।

জ্বালানিনীতির তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন যে, গ্যাসের দাম বাড়ানো হলে তারা অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করবেন। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ঢাকা শহরের সাধারণ মানুষও রাজপথে নেমে আসবে।

হবিগঞ্জে হামলার শিকার কিশোর আলিফের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ জানান, আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখটিও এখন ঝুঁকির মুখে। চিকিৎসকদের মতে, ক্ষতিগ্রস্ত চোখে দৃষ্টি ফেরার সম্ভাবনা খুবই কম। তবে অন্য চোখের ক্ষতির পরিমাণ সম্পর্কে চিকিৎসকরা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। বোর্ড সভার পরই আলিফের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে আলিফের কোনো খোঁজ নেওয়া হয়নি। ভিডিও ফুটেজে সরকারি বাহিনীর হামলার বিষয়টি স্পষ্ট হওয়া সত্ত্বেও কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দাবি করেন, হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্যসচিব এই হামলার সঙ্গে জড়িত। নাহিদ বলেন, সরকার এমন বার্তা দিচ্ছে যে তাদের পৃষ্ঠপোষকতায় থাকা ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা চাইলে দিনের আলোয় মানুষকে হত্যা বা চোখ উপড়ে ফেললেও বিচার হবে না।

হবিগঞ্জের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় এক হাজার সন্ত্রাসী জড়ো হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তিনি আরও বলেন, জি কে গউসের অনুসারী যে ব্যক্তি আলিফের ওপর হামলা করেছে এবং সারজিস আলমের গাড়িতেও হামলা চালিয়েছে, অন্য কোনো গণতান্ত্রিক দেশে হলে তিনি এতক্ষণে পদত্যাগ করতেন বা দল থেকে বহিষ্কৃত হতেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

এদিকে, সারাদেশে গ্যাস সংকট ও দাম বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে আজ রাজধানীসহ দেশজুড়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে এনসিপি। কারওয়ানবাজারের সার্ক ফোয়ারায় আয়োজিত এই বিক্ষোভে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।