জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে শ্রাবণের এক সন্ধ্যায় অনুষ্ঠিত হলো উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশী সন্ধ্যা। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতানুরাগী শ্রোতাদের উপস্থিতিতে এক চমৎকার আবহ তৈরি হয়।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়। সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এরপর ওস্তাদজীকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। অনুষ্ঠানে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসীন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সদস্য, তাদের পরিবার এবং সংগীতপিপাসু শ্রোতারা উপস্থিত ছিলেন।
শিল্পী তার পরিবেশনার শুরুতেই রাগ শ্যাম কল্যাণ, সংক্ষিপ্ত আলাপ এবং ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গদ বাজিয়ে শোনান। এরপর তিনি রাগ হংসধ্বনি, রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ পরিবেশন করেন। সবশেষে মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুন দিয়ে বাঁশীর এই সুরের মূছর্না সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে শ্রোতারা বাঁশীর অপূর্ব সুরের রেশ নিয়ে বাড়ি ফেরেন এবং এমন একটি আয়োজনের জন্য ক্লাব কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ওস্তাদ আজিজুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

