শ্রীনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীনগরে জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মহিফুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।