বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ২০২১ সালের সার্কুলারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণ এবং বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন। সিভিল এভিয়েশন অথরিটির হেডকোয়ার্টারে আয়োজিত এই কর্মসূচি থেকে তারা কর্তৃপক্ষের কাছে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ভুক্তভোগী কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ২০২১ সালের নিয়োগ সার্কুলারের মাধ্যমে যোগদানের পর চার বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। দীর্ঘ এই সময়েও তাদের চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। এ ধরনের দীর্ঘসূত্রতার কারণে সংশ্লিষ্টদের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।
মানববন্ধন থেকে দাবি জানানো হয়েছে যে, চলতি জুলাই মাসের মধ্যেই ২০২১ সালের সার্কুলারের আওতায় নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা ও কর্মচারীর চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রশাসনিক কার্যক্রম দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের মতে, দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় তারা পেশাগত ও আর্থিক উভয় প্রকার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই তাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। উল্লেখ্য, ২০২১ সালের সার্কুলারের মাধ্যমে যোগদানকৃত সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

