সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে গত জুন মাসে দেশের মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। তবে সরকারি এই পরিসংখ্যানের সঙ্গে বাজারের বাস্তব চিত্রের কোনো মিল খুঁজে পাচ্ছেন না সাধারণ ক্রেতা ও অর্থনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, বাজারে নিত্যপণ্যের চড়া দাম কমেনি, বরং কয়েক দফা বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সরকারি হিসাবে মূল্যস্ফীতি কমার যে দাবি করা হচ্ছে, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। ক্রেতাদের অভিযোগ, জুনে মূল্যস্ফীতি কমার কথা বলা হলেও তখন সব ধরনের জিনিসপত্রের দাম ছিল আকাশছোঁয়া, আর গত দুই সপ্তাহে শাকসবজি, কাঁচামরিচ, চাল, মাছ ও মাংসের দাম আরও বেড়েছে। ফলে সাধারণ মানুষের কাছে সরকারি এই হিসাব কেবলই এক ‘মূল্যহীন চোথা’।
গবেষক ও অর্থনীতিবিদরা বিবিএসের দেওয়া তথ্যকে বাস্তবতাবর্জিত বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে এবং এ সময়ে খাদ্যে মূল্যস্ফীতি কমার যে দাবি করা হয়েছে, তা দেশের বাস্তবতায় বিস্ময়কর। মে মাসের ৯ দশমিক ৪২ শতাংশ মূল্যস্ফীতি ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের পর অর্থাৎ আগের ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এ এস এম নাজের হোসেন এ বিষয়ে বলেন, বিবিএস হয়তো সরকারকে খুশি করতে এমন তথ্য দেয়। তারা কোথা থেকে তথ্য সংগ্রহ করে তা স্পষ্ট নয়, কারণ সরকারি বিভিন্ন সংস্থা যেমন টিসিবি, কৃষি বিপণন অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের দেওয়া দামের তালিকার মধ্যেও কোনো মিল থাকে না। পাইকারি বাজারে দাম কমলে বাস্তবে খুচরা বাজারে তার কোনো প্রভাব পড়ে না। ফলে বিবিএসের হিসাব কোনোভাবেই বাস্তবভিত্তিক নয়।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দেশে মূল্যস্ফীতি কম দেখিয়ে একটি গড়পড়তা হিসাব দেওয়ার প্রবণতা রয়েছে। যখন খাদ্যে মূল্যস্ফীতি বাড়ে, তখন খাদ্যবহির্ভূত খাতে তা কম দেখানো হয় এবং এর বিপরীতটাও ঘটে। জুনে খাদ্যে মূল্যস্ফীতি কমার দাবিকে তিনি বিস্ময়কর বলে অভিহিত করেন এবং বিবিএসের মূল্যস্ফীতি নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান জানান, এখনো ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতি হিসাব করা হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। কারণ এই দীর্ঘ সময়ে মানুষের খাদ্য ও পণ্যের ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। এছাড়া হাউজহোল্ড ইনকাম ও এক্সপেনডিচার জরিপও অনেক দিন ধরে করা হয়নি, যার ওপর ভিত্তি বছর পরিবর্তন নির্ভর করে। তিনি মনে করেন, বর্তমানে প্রকৃত মূল্যস্ফীতি ১১ থেকে ১২ শতাংশ হতে পারে এবং সঠিক চিত্র পেতে মূল্যস্ফীতি হিসাবের পদ্ধতিতে বড় ধরনের সংস্কার প্রয়োজন।
এদিকে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান মনে করেন, মূল্যস্ফীতির চাপে দেশের সব মানুষ পিষ্ট হচ্ছে। সরকারি কর্মচারীদের জন্য প্রণোদনা বা বেতন বৃদ্ধির যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা কেবল একটি ছোট অংশকে স্বস্তি দেবে। দেশের প্রায় ১৮ কোটি মানুষের মধ্যে সরকারি সুবিধার আওতায় থাকা চাকরিজীবী মাত্র সাড়ে ১৪ লাখ। ফলে বিশাল একটি জনগোষ্ঠীর আয় না বাড়ায় মূল্যস্ফীতির পুরো বোঝা সাধারণ মানুষের ওপরেই এসে পড়ছে। সরকারের উচিত সবার জন্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা এবং টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির পরিধি বাড়ানো।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সাধারণ ক্রেতাদের ক্ষোভ ও হতাশা অত্যন্ত তীব্র। মিরপুরের বাসিন্দা মারুফ আহমেদ এবং মোহাম্মদপুরের ফাতেমা জানান, চাল, ডাল, আটা, তেল, মাছ, মাংস বা ডিম—কোনো কিছুর দামই কমেনি, বরং খরচ ক্রমাগত বাড়ছে। সম্প্রতি বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ১২০ থেকে ১৩০ টাকা ছিল। মোহাম্মদপুর কৃষি মার্কেটের সবজি বিক্রেতা কামাল হোসেন বলেন, বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হওয়ায় মরিচের বাজারে এই সংকট তৈরি হয়েছে। কয়েক দিন আগে দাম ২৪০ টাকা হলেও আজ তা ৩৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। কারওয়ান বাজারের ক্রেতা জিল্লুর রহমান এই দাম বৃদ্ধিকে ‘ডাকাতি’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন।
বাজারে সবজির দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে বেগুন ও ধুন্দল প্রতি কেজি ১০০ টাকা, করলা ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৩২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি মিষ্টি কুমড়া ৬০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, লাউ ৮০ টাকা এবং প্রতি হালি কাঁচাকলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। পাঙাশ মাছের দাম ২০০ টাকা ছাড়িয়ে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, তবে মরা পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকায় পাওয়া যায়। মানভেদে প্রতি কেজি চিংড়ি ৯০০ থেকে ১৪০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৫০০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা, ট্যাংরা ৬০০ থেকে ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম েকজি ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ১০০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি চাষের রুই ৩০০ থেকে ৩৫০ টাকায় কেনা যাচ্ছে। এছাড়া রূপচাঁদা ও নদীর বেলে মাছের দাম কেজিতে হাজার টাকার ওপরে। ইলিশের দামও ক্রেতাদের কাছে অস্বাভাবিক ঠেকছে।
অন্যদিকে, ডিমের বাজারে ফার্মের ডিমের ডজন ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় স্থিতিশীল। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতা ওবায়েদুল হক বলেন, সবকিছুর দাম বাড়লেও বাধ্য হয়েই তাদের কিনতে হচ্ছে। ঈদগুলোর পর দাম কমার যে আশা সাধারণ মানুষ করেছিল, তা পূরণ হয়নি। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নবম পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রায় ১৪ লাখ কর্মকর্তা নিত্যপণ্যের বাড়তি দাম সামাল দিতে পারলেও বাকি বিশাল জনগোষ্ঠীর জন্য এটি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে, যা থেকে উত্তরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
তার মতে, এমনকি টিসিবির যে হিসাব তার সঙ্গেও এর মিল নেই। তাই মূল্যস্ফীতি হিসাবের সংস্কার প্রয়োজন। সেটা করা হলে বাস্তব চিত্র পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তিনি বলেন, ‘আমাদের হাউজহোল্ড ইনকাম ও এক্সপেনডিচার জরিপও করা হয়নি অনেক দিন ধরে। ওটার ওপর নির্ভর করেই ভিত্তি বছর পরিবর্তন করা হয়। ফলে এখানে মূল্যস্ফীতির ভিত্তি বছরও পরিবর্তন করা যায় না। প্রকৃত চিত্রও পাওয়া যায় না।’ তার কথা, ‘আমাদের বিবেচনায় এখন মূল্যস্ফীতি বিবিএসের হিসাবের চেয়ে বেশি। এটা শতকরা ১১-১২ ভাগও হতে পারে।’
জুনে দেশে মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও সাধারণ মানুষের জন্য বড় কোনো স্বস্তি আসেনি। কারণ ধারাবাহিকভাবে তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির চাপ এখনো কাটেনি। বরং সীমিত আয়ের ও মধ্যবিত্ত পরিবারের ব্যয় সংকোচনের প্রবণতা আরও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জুন-২০২৬ মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে দেখা গেছে, জুনে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে।

