ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর টানা তৃতীয় মেয়াদে দায়িত্বে থাকার পরিকল্পনায় বড় ধাক্কার আভাস মিলছে। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য পরবর্তী সভাপতি নির্বাচনে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। ইউরোপীয় ফুটবল প্রশাসনের একাধিক প্রভাবশালী কর্মকর্তা ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সভাপতি নাসের আল-খেলাইফিকে পরবর্তী ফিফা সভাপতি হিসেবে সম্ভাব্য প্রার্থী বিবেচনা করছেন।
২০১৬ সাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসা ইনফান্তিনোর জন্য এটিই হবে প্রথম কোনো বড় চ্যালেঞ্জ। বিরোধের মূল কেন্দ্রে রয়েছে তার একটি নতুন বাণিজ্যিক পরিকল্পনা। ফিফা তাদের বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রমের জন্য নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করে সেখানে বাইরের বিনিয়োগকারীদের অংশীদার করার প্রস্তাব দিয়েছে।
ইনফান্তিনোর দাবি, এই পরিকল্পনায় ফিফার ২১১ সদস্য দেশের জন্য আরও বেশি অর্থায়ন নিশ্চিত হবে। তবে ইউরোপীয় ফুটবল মহল এর তীব্র সমালোচনা করে জানিয়েছে, ফুটবলের মতো বৈশ্বিক সম্পদকে বাণিজ্যিক বিনিয়োগের আওতায় আনার আগে সংশ্লিষ্টদের সঙ্গে কোনো অর্থবহ আলোচনা করা হয়নি।
এমন পরিস্থিতিতে বিকল্প নেতৃত্ব হিসেবে আলোচনায় এসেছেন আল-খেলাইফি। পিএসজি প্রধানের পাশাপাশি তিনি ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) চেয়ারম্যান, উয়েফা নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলের সদস্য। যদিও তার মুখপাত্র জানিয়েছেন, ফিফা সভাপতি হওয়ার কোনো আগ্রহ আল-খেলাইফির নেই। তবুও ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনা ও ইউরোপের ক্রমবর্ধমান অসন্তোষ আগামী নির্বাচনকে এখনই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত করেছে।

