পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সংঘর্ষে নিহত ৯, উত্তপ্ত নির্বাচনের পরিবেশ

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) দিনভর চলা এই সহিংসতায় অন্তত সাতজন বিক্ষোভকারী এবং দুইজন নিরাপত্তা কর্মীসহ মোট ৯ জন নিহত হয়েছেন। চলতি মাসের শেষ দিকে এই অঞ্চলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বুধবার (১৫ জুলাই) একটি বিশাল গণমিছিলের ডাক দিয়েছিল স্থানীয় রাজনৈতিক সংগঠন ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’ (জেএএসি)। তবে এই কর্মসূচিকে ঘিরে আগে থেকেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।

বিক্ষোভের মূল কারণ হলো আঞ্চলিক আইনসভার ১২টি সংরক্ষিত আসন। এই আসনগুলো মূলত পাকিস্তানের অন্যান্য অঞ্চলে বসবাসরত কাশ্মীরি শরণার্থীদের জন্য বরাদ্দ। আন্দোলনকারী স্থানীয় নাগরিকদের অভিযোগ, এই সংরক্ষিত আসনের ব্যবস্থার কারণে স্থানীয় জনগণের প্রকৃত রাজনৈতিক মতামত ও প্রতিনিধিত্বের অধিকার খর্ব হচ্ছে। পুঞ্চ বিভাগের কমিশনার ওয়াহিদ খান জানান, পুঞ্চের তারারখাল এলাকায় বিক্ষোভকারীরা একটি নিরাপত্তা বহরের পথ অবরুদ্ধ করে ডিউটিরত কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ ও আধা-সামরিক বাহিনী পাল্টা অ্যাকশনে যেতে বাধ্য হয়। তিনি জানান, তারারখাল এলাকার সংঘর্ষে ৬ জন বিক্ষোভকারী এবং ১ জন পুলিশ সদস্য প্রাণ হারান। অন্যদিকে, রাওয়ালাকোটে পৃথক আরেকটি সংঘর্ষে ১ জন বিক্ষোভকারী ও ১ জন নিরাপত্তা কর্মী নিহত হন।

আন্দোলন পরিচালনাকারী সংগঠন ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’ (জেএএসি)-কে গত জুন মাসে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। নিষেধাজ্ঞা অমান্য করেই তারা বুধবার রাওয়ালাকোট অভিমুখে এই বড় মিছিলের ডাক দেয়। শহরটিতে যেন কোনো বিক্ষোভকারী প্রবেশ করতে না পারে, সেজন্য পুরো এলাকা জুড়ে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, গত জুন মাস থেকে শুরু হওয়া এই রাজনৈতিক অস্থিরতায় পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই অঞ্চলের পরিস্থিতি দিন দিন আরও অস্থিতিশীল হয়ে উঠছে।