লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী রেজাউল করিম

দীর্ঘদিন পর লন্ডনের একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে প্রকাশ্যে দেখা গেছে। হাফ হাতা শার্ট পরিহিত অবস্থায় তাকে সেখানে ডাব খেতে দেখা যায়। তবে এই প্রকাশ্য উপস্থিতি তার জন্য সুখকর হয়নি; লন্ডনে তিনি এক ছাত্রদল নেতার তীব্র তোপের মুখে পড়েন।

ওই ছাত্রদল নেতা রেজাউল করিমকে সরাসরি আক্রমণ করে বলতে থাকেন, গত ১৭ বছর ধরে আপনারা ১৮ কোটি মানুষের মধ্যে গুম ও খুন চালিয়েছেন। ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো ব্যক্তিদের আপনারা গুম করেছেন, এনসিপির নেতাদেরও মেরে ফেলেছেন এবং সাধারণ ছাত্রদের ওপরও নির্যাতন চালিয়েছেন। তিনি আরও প্রশ্ন তোলেন, আপনারা এখন সাউন্ড করে কথা বলার সাহস পান কোথায়?

জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন, তাতে অংশ নিতেই শ ম রেজাউল করিম সেখানে অবস্থান করছিলেন। বেলা আড়াইটার দিকে শুরু হওয়া ওই বিক্ষোভটি প্রধান উপদেষ্টার লন্ডন সফরকালে চলমান ধারাবাহিক কর্মসূচিরই একটি অংশ ছিল।

এর আগে গত বছরের ১৩ জুন রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্যে দেখা গিয়েছিল। সেদিন তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে বসে ছিলেন। হলুদ রঙের পোশাক পরিহিত রেজাউল করিমের পাশে তখন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকেও দেখা গিয়েছিল।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে সাবেক মন্ত্রী রেজাউল করিম আত্মগোপনে চলে যান। পরবর্তীতে একটি ভিডিও বার্তায় তিনি ভারত হয়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলেও নিজের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেননি। লন্ডনে তার এই প্রকাশ্য উপস্থিতি সেই রহস্যের অবসান ঘটিয়েছে।