আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, দমকলকর্মী ও পুলিশসহ নিহত ৭

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজনের প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে দাবানল নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিল। হেলিকপ্টারটি পার্শ্ববর্তী লা রিওহা প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য যাচ্ছিল। বুধবার সকালে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক শোকবার্তায় জানান, এই দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক সুরক্ষা কর্মীরা ছিলেন।

ঘটনার পর আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেজান্দ্রা মন্টেওলিভা নিহতদের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সান হুয়ানের স্থানীয় সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এই সময়কালে প্রদেশজুড়ে জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।