নোয়াখালীর সোনাইমুড়ীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট শুরু

নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানো, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং ক্রীড়াপ্রেমীদের বিনোদনের উদ্দেশ্যে মাসব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য রাসেল ইকবাল মিয়া টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন রাজু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজা রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানি এবং টুর্নামেন্টের পরিচালক আশরাফ আহম্মেদ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।