মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে জান্তার বিমান হামলা, নিহত ১৭

মিয়ানমারের সংঘাতকবলিত একটি এলাকায় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির সময় সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, ওই গ্রামে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। সেখানে বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল। হামলার আগে তিনি কাছাকাছি এলাকায় বিমানের গর্জনের শব্দ শুনতে পান, তবে তখন এটি তাদের ওপর আঘাত হানতে পারে তা ভাবেননি। বাড়ির ভেতরে ঢোকার পরপরই বিকট বিস্ফোরণ ঘটে এবং চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।

হামলার পর ওই প্রত্যক্ষদর্শী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে সহায়তার চেষ্টা করেন। তিনি সেখানে ১৭টি মরদেহ দেখতে পান। আহতদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার ভিডিও ধারণ করেন ওই প্রত্যক্ষদর্শী। স্থানীয় বাসিন্দাদের সংগ্রহ করা ছবিতে ছয়টি মরদেহ দেখা গেছে, যার মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তবে এএফপি স্বাধীনভাবে এই ভিডিও ও ছবির সত্যতা যাচাই করতে পারেনি।

এ হামলার বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটি গৃহযুদ্ধে জর্জরিত। মোয়ে বাই শহরটি জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর বাইরের গ্রাম ও গ্রামীণ অঞ্চলগুলোতে বিরোধী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।