দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজধানী ঢাকা, গোপালগঞ্জ ও গাজীপুরসহ সাতটি জেলায় মোট ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য অতিরিক্ত আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এ ছাড়া গাজীপুরে ১৯ প্লাটুন, রাজধানী ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, কক্সবাজারে সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন বিজিবির সদস্যরা। শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা এবং স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে মাঠে সক্রিয় রয়েছেন বাহিনীর সদস্যরা।
মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে কার্যকর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করে সরাসরি আসা ভিডিও চিত্র নিয়মিত পর্যবেক্ষণ করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। একই সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন ইউনিটের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় রক্ষা করা হচ্ছে। সীমান্তের পাশাপাশি দেশের ভেতরে জানমালের সুরক্ষা, যান চলাচল স্বাভাবিক রাখা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সর্বদা প্রস্তুত বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

