পাবনার ভাঙ্গুড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। বুধবার বিকেল ৪টায় উপজেলার পাটুল, আদাবাড়ীয়া ও পুইবিল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ৫ লাখ ৫২ হাজার টাকা মূল্যের মোট ১৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই মো. গোলাম মোস্তফা।
মৎস্য অফিসের তথ্যমতে, শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত চলনবিলে নতুন পানি আসার সুযোগ নিয়ে অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করছিল। এর মাধ্যমে মা মাছ, পোনা মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংস করা হচ্ছিল। এই অপতৎপরতা রোধেই মূলত অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বিলের মাছ ও জীববৈচিত্র্য সুরক্ষায় এই ধরণের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯: ০৪আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৯: ০৫

