শ্রমিক বিক্ষোভের প্রভাবে দেশের তৈরি পোশাক খাত বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে তাদের অর্ডার সরিয়ে নিচ্ছে। রয়টার্সের গত শুক্রবারের (২৭ নভেম্বর) এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড জারা ও এইচঅ্যান্ডএম নভেম্বরের প্রথম ১৫ দিনে তাদের প্রায় ১০ শতাংশ অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। এসব অর্ডারের বেশিরভাগই এখন ভারতের বাজারে চলে যাচ্ছে।
কারখানার মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের অর্ডার অন্য দেশে স্থানান্তরিত হয়েছে। পোশাকশিল্পের নেতারা বলছেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কম খরচে পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের যে প্রতিযোগিতামূলক সুবিধা ছিল, তা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সুবিধার কারণেই চীনকে অনুসরণ করে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্যমতে, শ্রমিক বিক্ষোভের কারণে এ পর্যন্ত উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে এই তৈরি পোশাক খাত থেকে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের এই পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত। এছাড়া বিদেশি ক্রেতারা সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এড়াতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।
বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে জারা ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠান ইনডিটেক্সের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তারা কোনো মন্তব্য করেনি। এছাড়া এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিওর কাছেও এ বিষয়ে জানতে চাওয়া হলেও তারা কোনো জবাব দেয়নি।

