বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে লাগবে ২০০ বছর

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

বাংলাদেশে বাল্যবিবাহের হার কিছুটা কমলেও তা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ইউএনএফপিএ-এর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অগ্রগতির বর্তমান গতিধারা অব্যাহত থাকলে দেশ থেকে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে অন্তত ২০০ বছর সময় লেগে যেতে পারে।

ইউনিসেফের সাম্প্রতিক মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে এবং অক্টোবরে ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথভাবে প্রকাশিত ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও এর ২০১৮ সালের বিধিমালা’ পর্যালোচনার ভিত্তিতে তিনি এই মন্তব্য করেন। ব্রিন কামকং জানান, ১৫ থেকে ১৯ বছর বয়সি বিবাহিত কিশোরীর হার বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। এই বয়সের প্রতি ১০ জন মেয়ের মধ্যে প্রায় চারজনই ইতোমধ্যে বিবাহিত। তিনি উল্লেখ করেন যে, দক্ষিণ এশিয়া এবং বিশ্বব্যাপী—উভয় ক্ষেত্রেই বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশ এখনো অন্যতম।

দারিদ্র্য ও বাল্যবিবাহের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, মেয়ের বয়স যত কম এবং সে যত কম শিক্ষিত হয়, যৌতুকের দাবিও সাধারণত তত কম থাকে। সামাজিক রীতিনীতি ও চাপের মুখে অভিভাবকরা অনেক সময় মেয়েদের বিয়ে দিতে বাধ্য হন এবং গ্রামীণ এলাকার দরিদ্র তরুণীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত সীমিত। তবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ-এর সহায়তায় জেলা পর্যায়ে আয়োজিত ক্যারিয়ার মেলাগুলোতে দেখা গেছে, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানতে পারলে কিশোরী ও তাদের পরিবার বেশ আগ্রহী হয়ে ওঠে।

ক্যাথরিন ব্রিন কামকং দৃঢ়ভাবে বলেন, বিয়ের ন্যূনতম বয়স কোনো ব্যতিক্রম ছাড়াই কঠোরভাবে ১৮ বছর নির্ধারণ করা উচিত। তিনি সতর্ক করে বলেন, শৈশবে বিয়ের ফলে অকাল গর্ভধারণ ও মাতৃত্বের ঝুঁকি তৈরি হয়, যা মা ও সন্তানের জীবন বিপন্ন করে। এছাড়া বিয়ের পর মেয়েরা স্কুল ছেড়ে দেয় এবং তাদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে জিডিপিতে অবদান রাখার সুযোগ কমে যায়, যা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের সম্ভাবনাকে সীমিত করছে।

বাল্যবিবাহ রোধে তিনি সমন্বিত সামাজিক আন্দোলন ও সর্বস্তরের সম্পৃক্ততার ওপর জোর দিয়েছেন। সরকারের শিক্ষাক্রম সংস্কারের প্রেক্ষাপটে তিনি শিক্ষাব্যবস্থাকে কারিগরি প্রশিক্ষণ ও শ্রমবাজারের সঙ্গে যুক্ত করার পক্ষে মত দেন। পাশাপাশি উদীয়মান খাতে মেয়েদের সুযোগ তৈরি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং শিক্ষাক্রমে প্রজনন স্বাস্থ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া স্থানীয় কাজীদের কার্যক্রম তদারকি, কিশোরীদের অধিকারের পক্ষে কথা বলা এবং ইসলামে নারী কল্যাণের গুরুত্ব তুলে ধরে ধর্মীয় নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এই ইউএনএফপিএ প্রতিনিধি।