ইলিশের উৎপাদন হ্রাসে তিন দেশের সমন্বিত উদ্যোগের তাগিদ

বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও লাখো মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইলিশ। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারজুড়ে এই মাছ আহরণ ও বাণিজ্য থেকে প্রতিবছর ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি আয় হয়। তবে উদ্বেগের বিষয় হলো, বিশ্বের মোট ইলিশের ৮০ শতাংশের বেশি আহরণকারী দেশ বাংলাদেশে গত তিন বছর ধরে উৎপাদন ধারাবাহিকভাবে কমছে। একই চিত্র দেখা যাচ্ছে মিয়ানমারেও, যদিও ভারতে উৎপাদন পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। এই সংকট নিরসনে তিন দেশের সম্মিলিত উদ্যোগ ছাড়া ইলিশ রক্ষা করা কঠিন বলে মনে করছেন নীতিনির্ধারক, গবেষক ও মৎস্যকর্মীরা।

রাজধানীর একটি হোটেলে শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, ইলিশ বাংলাদেশের মানুষের পরিচয়ের অংশ, কিন্তু গত তিন বছর ধরে উৎপাদন কমে যাওয়া আমাদের জন্য শঙ্কার। মন্ত্রী আরও বলেন, ইলিশ একটি পরিযায়ী মাছ, যা তিন দেশের জলসীমায় বিচরণ করে। তাই এর সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক ও আধুনিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও অন্তর্ভুক্ত থাকতে পারে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইলিশ গবেষক মোহাম্মদ আনিছুর রহমান। তিনি জানান, ২০২২-১৩ অর্থবছরে বাংলাদেশে ইলিশের উৎপাদন ছিল ৩ লাখ ৫১ হাজার টন, যা ২০২২-২৩ অর্থবছরে ৫ লাখ ৭১ হাজার টনে পৌঁছেছিল। কিন্তু এরপর থেকে গত তিন অর্থবছরে উৎপাদন ১০ শতাংশ কমেছে। তিনি এই অবনমনের পেছনে অতি ও অবৈধ আহরণ, নিষিদ্ধ জালের ব্যবহার, বিচরণস্থলে চর জেগে ওঠা, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধিকে দায়ী করেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ মৎস্যজীবীদের মানবিক ও অর্থনৈতিক দিকটি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দাদনদারদের চড়া সুদের ঋণের কারণে জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই মৎস্যজীবীদের জন্য সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ ও ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। তিনি আরও বলেন, সরকার নিষিদ্ধ জাল ও অতি আহরণের মতো কর্মকাণ্ড বরদাশত করবে না।

বে অব বেঙ্গল প্রোগ্রাম ইন্টার-গভর্নমেন্টাল অর্গানাইজেশনের পরিচালক পি কৃষ্ণান বলেন, ইলিশ আহরণ ও ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল। এই সংকট উত্তরণেও বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে। ভারতের গবেষক অমিয় সাহু একটি শক্তিশালী ডেটাবেজ তৈরি, ইলিশ ব্যবস্থাপনা টাস্কফোর্স গঠন এবং আন্তঃসরকার সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। মিয়ানমারের ওয়ার্ল্ড ফিশের সাবেক প্রধান কিন মং সোয়ে জানান, মিয়ানমারে অনিয়ন্ত্রিত মাছ ধরার ফলে সেখানেও ইলিশ কমছে।

কর্মশালার আহ্বায়ক ও গবেষক আব্দুল ওয়াহাব বলেন, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা গেলে ইলিশ তার আগের অবস্থায় ফিরবে। কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মাসুমা হাবীব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেদ কনক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. লতিফুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এ টি এম ফারুক-উল ইসলাম। এই আয়োজনে সহযোগী ছিল বে অব বেঙ্গল প্রোগ্রাম ইন্টার-গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ফিশ।

সেই বাংলাদেশে ২০২২–১৩ সালে ইলিশ উৎপাদন হতো ৩ লাখ ৫১ হাজার টন।

আর ২০২২–২৩ অর্থবছরে এর উৎপাদন উঠেছিল চূড়ায়, ৫ লাখ ৭১ হাজার টন।