আইপিএল নিলাম থেকে মোস্তাফিজের নাম সরানোর নেপথ্যে যে কারণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মিনি নিলামের জন্য বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও, নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দেশের সমর্থকদের সম্ভাব্য সমালোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কাই এই সিদ্ধান্তের প্রধান কারণ।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত আসরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতেই মোস্তাফিজ এই সিদ্ধান্ত নিয়েছেন। নিলামে অবিক্রিত থাকা বা দল পাওয়ার পর বাদ পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে সমর্থকরা তাকে ‘অর্থলোভী’ হিসেবে আখ্যা দিতে পারেন—এমন আশঙ্কা থেকেই তিনি এই ঝুঁকি নিতে চাননি।

এর আগে ২০২৫ আইপিএলে অবিক্রিত থাকার পর দিল্লি ক্যাপিটালসে সুযোগ পান মোস্তাফিজ। পরবর্তী নিলামে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র লড়াইয়ের পর ৯ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে তাকে দলে ভেড়ায় কলকাতা। তবে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আইপিএল কর্তৃপক্ষ তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। এই ঘটনা মোস্তাফিজের মনে গভীর প্রভাব ফেলেছে। এছাড়া, কলকাতা নাইট রাইডার্স তাকে আসন্ন নিলামের আগেই আনুষ্ঠানিকভাবে রিলিজ করে দিয়েছে, যার ফলে দলটির তহবিলে ৯ কোটি ২০ লাখ রুপি ফিরে এসেছে।

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া কলকাতাকে মোস্তাফিজকে আবারও দলে নেওয়ার পরামর্শ দিলেও, নিলামের তালিকায় নাম না থাকায় এখন আর কোনো ফ্র্যাঞ্চাইজির তাকে দলে নেওয়ার সুযোগ নেই। তবে আইপিএলে না খেললেও মোস্তাফিজকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই পেসার এবারও পিএসএলে ব্যস্ত সময় কাটাতে পারেন বলে টাইমস অব ইন্ডিয়া উল্লেখ করেছে।