লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ, গ্রেপ্তার ৬

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী বিশৃঙ্খলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ থেকে ২৬ নভেম্বর সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়। অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের নাম বা রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি।

ঘটনাটি ঘটে গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে। নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা গাছের ডাল ব্যবহার করে এনসিপির নেতা–কর্মীদের মারধর করেন বলে জানা গেছে। পুলিশ ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে খবর পায় যে হাই রোডে প্রায় ৫০ জন ব্যক্তি সহিংস বিশৃঙ্খলায় জড়িত। তারা বিভিন্ন বস্তু নিক্ষেপ ও সম্পত্তির ক্ষতিসাধন করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এই সংঘর্ষে আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস হাসপাতালে নিলেও তাঁদের আঘাত গুরুতর ছিল না।

তদন্তের অংশ হিসেবে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ ব্যাপক কার্যক্রম চালিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর। তাঁদের যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের (পাবলিক অর্ডার অ্যাক্ট) ২ নম্বর ধারার আওতায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পুলিশ তথ্য দেয়নি। তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি জানিয়েছেন, এই সহিংসতা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে এবং জড়িতদের শনাক্তে তারা কাজ করছেন।

অন্যদিকে, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক দাবি করেছেন, সংঘর্ষের ঘটনায় তাঁদের দলের কেউ গ্রেপ্তার হননি। পাশাপাশি আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস জানিয়েছেন, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকেসহ ছয়-সাতজনকে ডেকেছিল এবং সাক্ষাৎকার শেষে শুক্রবার রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তদন্ত অব্যাহত রয়েছে এবং পুলিশ কোনো সিসিটিভি বা ড্যাশক্যাম ফুটেজ থাকলে তা ১০১ নম্বরে যোগাযোগ করে CAD 7004/16NOV রেফারেন্স নম্বর উল্লেখ করে জানানোর অনুরোধ করেছে।