কোস্টা রিকায় প্রবেশে বাধা পেলেন জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ

ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজকে কোস্টা রিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। দেশটির অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমার বাদিলা জানিয়েছেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার’ অভিযোগে আলবানিজের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সতর্কতা বা ইন্টারন্যাশনাল অ্যালার্ট জারি রয়েছে। এই কারণেই তাকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ওমার বাদিলা এ বিষয়ে আরও বলেন, ‘আমি আশা করি, এটি সব ধরনের সন্দেহের অবসান ঘটাবে এবং জাতীয় নিরাপত্তার জন্য এই নারী কতটা হুমকি, তা স্পষ্ট করবে।’

ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ফ্রান্সেস্কা আলবানিজ একে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা, অ্যাডভোকেসি, নীতি ও প্রচারণা বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই ঘটনাকে একটি ‘মারাত্মক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, জাতিসংঘের একজন বিশেষজ্ঞের কণ্ঠ রোধ করলেই সত্যকে চাপা দেওয়া যাবে না।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের নথিপত্র তৈরির কাজের জন্য আলবানিজ দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের চাপের মুখে রয়েছেন।