মালয়েশিয়ার শ্রমবাজার চালু: প্রথম ফ্লাইটে ঢাকা ছাড়লেন ১১২ কর্মী

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের মাধ্যমে মালয়েশিয়াগামী কর্মীদের যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইটের উদ্বোধন করেন। সরকারি ব্যবস্থাপনায় ১১২ জন কর্মী সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন।

বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শ্রমিকদের বিদায় জানান এবং তাদের সঙ্গে কথা বলেন। এসময় মোবাইল ফোনে তাদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। বিদেশযাত্রার প্রাক্কালে তিনি কর্মীদের মালয়েশিয়ার আইনকানুন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন। পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

নিয়োগে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং শ্রমিক শোষণের অভিযোগের কারণে ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল। বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারি ও সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এই কর্মীদের নির্বাচন করা হয়েছে। সরকারি উদ্যোগে পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ ও বিমা বাবদ সব খরচ বহন করা হয়েছে। এছাড়া ভিসা ফি ও বিমান টিকেটের ব্যয়ভার বহন করছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।

নতুন কর্মস্থলে কর্মীরা মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতন পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধাও নিশ্চিত করা হয়েছে। এ বছর ডিসেম্বরের মধ্যে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। বোয়েসেল ইতোমধ্যে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে।

এসময় অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাতটায় ফ্লাইটটি মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে মালয়েশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে সমঝোতা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় অনুষ্ঠিত বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হয়েছিলেন।