ইসরাইলকে টানা যুদ্ধের মানসিকতা পরিত্যাগ করে আঞ্চলিক অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার। গাজা পুনর্গঠন ও শান্তি পরিকল্পনার অন্যতম রূপকার কুশনার মনে করেন, তেল আবিবের বর্তমান সামরিক অবস্থান তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে একঘরে করে ফেলছে। জার্মান ব্যবসায়ী ম্যাথিয়াস ডফনারের এক পডকাস্ট সাক্ষাৎকারে বুধবার এসব কথা বলেন ট্রাম্পের এই বিশেষ দূত ও জামাতা। এর মাত্র দুই দিন আগে নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারেও তিনি সতর্ক করে বলেছিলেন, গাজা সম্পর্কিত নীতি পরিবর্তন না করলে ইসরাইল বিশ্বজুড়ে একঘরে বা বিচ্ছিন্ন এক রাষ্ট্রে পরিণত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। অনলাইন টাইমস অব ইসরাইল এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন চাপ অব্যাহত রেখেছেন, ঠিক তখনই কুশনারের এই মন্তব্য সামনে এলো। ট্রাম্প প্রশাসনকে নিজেদের সামরিক অবস্থানের পক্ষে রাজি করাতে চলতি মাসের শুরুতেই ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যানকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক সংঘাতের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় নিজেদের সীমানার বাইরে সামরিক বাফার জোন বা নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। ইসরাইলের এই আগ্রাসী নিরাপত্তা নীতির কারণে মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের গৃহীত বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।
ইসরাইলের এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করে উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক কৌশলের উদাহরণ দেন কুশনার। তিনি উল্লেখ করেন, সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা যখন ওয়াশিংটন সফরে আসেন, তখন তারা নিজেদের সঙ্গে প্রায় ১০০ জন ব্যবসায়ী নিয়ে আসেন এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তি সই করেন। ইসরাইলের শক্তিশালী অর্থনীতি ও প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করে কুশনার জানান, দেশটির এসব শক্তিকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে আঞ্চলিক অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়াই ইসরাইলের অগ্রাধিকার পাওয়া উচিত। তিনি যুক্তি দেন, গাজা সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব হলে ইসরাইল ও মিশর যৌথভাবে সিনাই উপদ্বীপে প্রযুক্তিগত ডাটা সেন্টার নির্মাণ করতে পারে।
চলতি বছরের জুলাই মাসে গাজা পুনর্গঠন তদারককারী সংস্থা ‘বোর্ড অব পিস’-এর নিরস্ত্রীকরণ রূপরেখায় সম্মতি দিয়েছিল হামাস। সেই পরিকল্পনা অনুযায়ী, গাজা থেকে পর্যায়ক্রমে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের পাশাপাশি হামাসও ধীরে ধীরে তাদের অস্ত্র সমর্পণ করার কথা ছিল। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেই কাঠামো সরাসরি প্রত্যাখ্যান করেন। তার যুক্তি, ইসরাইলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার আগেই হামাসকে পুরোপুরি অস্ত্রহীন হতে হবে। নেতানিয়াহুর এই অনমনীয় অবস্থানের কারণে গাজায় হামাসের বিকল্প হিসেবে প্রশাসনিক ও নিরাপত্তা সংস্থাগুলো কার্যক্রম শুরু করতে পারছে না, যার ফলে ভূখণ্ডটির অর্ধেকাংশে এখনো হামাসের নিয়ন্ত্রণ বজায় রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিস কর্মকর্তাদের অভিযোগ, সাম্প্রতিক নেসেট নির্বাচনের প্রচার পর্ব থেকে শুরু করে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক স্বার্থেই এসব উদ্যোগ বাধাগ্রস্ত করছেন নেতানিয়াহু।
স্থবির হয়ে পড়া বোর্ড অব পিসের উদ্যোগ নিয়ে আলোচনা করতে গত মঙ্গলবার নেতানিয়াহুকে টেলিফোন করেন কুশনার। ফোনালাপের বিষয়ে অবহিত একটি সূত্র জানিয়েছে, গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহুকে সহযোগিতার অনুরোধ করা হয়েছে। জবাবে নেতানিয়াহু বোর্ড অব পিসের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও এবং হামাসকে নিরস্ত্র করার প্রক্রিয়ায় প্রতিশ্রুতির ইঙ্গিত দিলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক অবস্থান নিচ্ছেন। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে ওই সূত্র জানায়, অতীতেও নেতানিয়াহুর কাছ থেকে এমন ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে, তবে এবার তারা শুধু মুখে আশ্বাস নয়, বাস্তবে পদক্ষেপ দেখতে চান। উল্লেখ্য, অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছিল, গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কেবল তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। চলতি মাসের শুরুতে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে নেতানিয়াহু দাবি করেছিলেন, বর্তমান রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে বোর্ড অব পিসের ২০ দফা পরিকল্পনা এগিয়ে নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

