শ্রীলঙ্কায় গণকবর উদ্ধার, তিন দশক আগের মুসলিম হত্যাযজ্ঞের তদন্তে নতুন মোড়

শ্রীলঙ্কার কুরুক্কালমাদামে আদালতের আদেশে পরিচালিত একটি প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে সম্প্রতি সন্ধান মিলেছে এক গণকবরের। সেখান থেকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নযুক্ত কঙ্কাল উদ্ধারের পর দীর্ঘ ৩৬ বছর আগের গৃহযুদ্ধের সময় সংঘটিত মুসলিম হত্যাযজ্ঞের সত্য উন্মোচনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে নব্বইয়ের দশকে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) পরিচালিত নৃশংসতার স্মৃতির পাশাপাশি হারিয়ে যাওয়া স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার আশা জেগেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে।

ষাট বছর বয়সী ফাউজুল হিনায়াও সেই স্বজনদের একজন, যিনি প্রায় চার দশক ধরে নিখোঁজ দুই ভাইয়ের পরিণতি জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১৯৯০ সালের জুলাইয়ের এক সকালে তৈরি পোশাক বিক্রির জন্য ঘর থেকে ৫৮ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আক্কারাইপাট্টুর উদ্দেশে রওনা হন তার ছোট ভাই ফাউজুল আমির। কাট্টানকুডিতে ফেরার পথে কুরুক্কালমাদামের কাছে তাকে থামায় এলটিটিই সদস্যরা। এরপর আমিরসহ সেখানে উপস্থিত আরও অনেককে গুলি করে হত্যা করা হয়। বিভিন্ন হিসাব অনুযায়ী সেদিন নিহতের সংখ্যা ছিল ৬০ থেকে ১৫০ জনের মধ্যে। পরবর্তীতে আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হিনায়া বলেন, ‘আমি কখনো ভাবিনি, এটাই হবে তার শেষ যাত্রা।’

আমির নিহত হওয়ার কয়েক দিন পরই তাদের আরেক ভাই আবদুর রহমানকে গুম করে এলটিটিই, যার আর কখনো সন্ধান মেলেনি। স্বজনদের বিচারের প্রত্যাশা ছেড়ে দিলেও হিনায়া চান ভাইদের অবশিষ্টাংশ মুসলিম রীতিতে সম্মানজনকভাবে দাফন করতে। ২০১৬ সালে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে সরকার গঠিত ‘অফিস অন মিসিং পারসনস’ (ওএমপি)-এ অভিযোগ জমা দেওয়া হিনায়া জানান, ‘আমি তাদের সম্মানজনকভাবে দাফন করতে চাই।’ শ্রীলঙ্কায় মোট জনসংখ্যার ৭৫ শতাংশ সিংহলি, ১৫ শতাংশ তামিল এবং ১০ শতাংশ মুসলিম। কুরুক্কালমাদাম হত্যাকাণ্ডের আগে এলটিটিই মূলত মুসলমানদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। তবে পরবর্তীতে পরিস্থিতি বদলে যায় এবং সরাসরি প্রাণ কেড়ে নেওয়া শুরু হয়।

কুরুক্কালমাদামের ঘটনার মাত্র এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে, কাট্টানকুডি ও এরাভুরের দুটি মসজিদে নৃশংস হামলা চালিয়ে অন্তত ৩০০ জন মুসলিমকে হত্যা করে এলটিটিই। শ্রীলঙ্কা সরকার ও সিংহলি জনগোষ্ঠীর অনেকে এলটিটিইর বোমা হামলা ও সার্বিক সহিংসতার কথা উল্লেখ করলেও, এই গণসংহারগুলো তামিল ও মুসলমানদের মধ্যকার দীর্ঘ সামাজিক সম্প্রীতিতে চরম ফাটল ধরায়। ১৯৮৭ সালে ভারত-শ্রীলঙ্কা চুক্তির অধীনে পাঠানো ভারতীয় শান্তিরক্ষী সেনার উপস্থিতির সময়েও উত্তরাঞ্চলের মুল্লাইতিভুর বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছিলেন। ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি স্মরণ করেন, সেনা শিবিরের কারণে বাড়ি ছাড়তে বাধ্য হওয়াই ছিল তাদের প্রথম বাস্তুচ্যুতি।

১৯৯০ সালের শুরুর দিকে ভারতীয় সেনা প্রত্যাহারের পর সম্প্রীতির পরিবেশে ফিরলেও একই বছরের অক্টোবরে ঘটে বড় বিপর্যয়। এলটিটিই উত্তরাঞ্চলীয় প্রদেশের মুসলিম বাসিন্দাদের দুই দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। রিজনি আক্ষেপ করে বলেন, ‘উত্তরাঞ্চলের মাত্র ৫ শতাংশ মানুষ ছিল মুসলিম, আর তামিলদের সংখ্যা ছিল ৯০ শতাংশের বেশি। আমরা কখনোই তামিলদের জন্য কোনো হুমকি ছিলাম না।’ সেই উচ্ছেদ অভিযানে মাত্র দুই দিনের মধ্যে ৭৫ হাজার থেকে এক লাখ মানুষকে শুধু পরনের পোশাকসহ ভিটেমাটি ছেড়ে দেশজুড়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হয়েছিল।

২০০৯ সালে শ্রীলঙ্কান বাহিনীর হাতে এলটিটিই পরাস্ত হলে দীর্ঘ তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে। জাতিসংঘের মতে, যুদ্ধের শেষ ধাপে উত্তরাঞ্চলে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ প্রাণ হারান। যুদ্ধের পর অনেকে নিজ গ্রামে ফিরলেও পূর্ণাঙ্গ পুনর্বাসন এখনো হয়নি বলে জানান রিজনি ও বিশ্লেষকরা। বর্তমান ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের সংসদ সদস্য রিয়াস ফারুক ১৯৯০ সালের ঘটনাকে মানবতাবিরোধী গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, ভুক্তভোগীদের আইনজীবী মুয়াজ্জেম মোবারক গণকবরে প্রাপ্ত কঙ্কালের ধারালো অস্ত্রের আঘাত নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জ্যাকি ফৌজ মনে করেন, উদ্ধারকৃত অবশিষ্টাংশের পরিচয় শনাক্ত ও পরিবারগুলোকে নিয়মিত তথ্য জানানোই এখন কর্তৃপক্ষের মূল কাজ। কুরুক্কালমাদাম গণকবরের এই অনুসন্ধান দীর্ঘদিনের বিবাদের সত্য উদঘাটনে বড় ভূমিকা রাখতে পারে।