১৭ হাজার টাকা নতুন মজুরিতে পোশাকশিল্পে বড় পরিবর্তনের আশা শফিকুল আলমের

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পদক্ষেপটি দেশের প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান বদলে দেওয়ার পাশাপাশি পুরো শিল্প খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘ডেইলি ওয়াদার’ সম্পাদক শফিকুল আলম। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এই নতুন মজুরিকাঠামোর বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রভাবের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন তিনি।

শফিকুল আলমের মতে, ১৭ হাজার টাকা নির্ধারণের ফলে পোশাকশিল্পের মালিকদের জন্য বড় ধরনের পরীক্ষা তৈরি হবে। সব কারখানায় এই মজুরি সমানভাবে বাস্তবায়িত হলে শিল্পে অভাবনীয় রূপান্তর আসবে। বর্তমানে কারখানাগুলোর সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। যে কারখানাগুলো ব্যাপকভাবে অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তি গ্রহণ করবে, তারাই বাজারে টিকে থাকবে এবং অগ্রগতির ধারা ধরে রাখবে। কোনো কোনো কারখানায় এক লাখের বেশি শ্রমিকও কাজ করতে পারেন। তবে তুলনামূলক কম উৎপাদনশীল কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে কিংবা বড় শিল্পগোষ্ঠীর কাছে বিক্রি হয়ে যেতে বাধ্য হবে।

নতুন এই মজুরির অর্থনৈতিক ও আন্তর্জাতিক দিক ব্যাখ্যা করে তিনি জানান, ১৭ হাজার টাকার এই মজুরি পরিমাণে প্রায় ১৪০ মার্কিন ডলারের সমান। এতে অভিজ্ঞ শ্রমিকদের মূল বেতন প্রায় ১৭০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে এবং ওভারটাইমসহ অনেকের মাসিক আয় দাঁড়াবে ২০০ থেকে ২৫০ ডলার। ফলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মিসরের মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। পাশাপাশি পরিবারে স্বামী ও স্ত্রী উভয়ে কর্মরত থাকলে দুই কক্ষের বাসা ভাড়া নিয়ে সম্মানজনকভাবে বসবাস করা সহজ হবে।

পোশাক খাত কেন্দ্রিক দেশের দীর্ঘদিনের নেতিবাচক ভাবমূর্তি দূর হওয়ার আশাবাদ ব্যক্ত করে শফিকুল আলম উল্লেখ করেন, বাংলাদেশের পোশাকশিল্পে প্রথমবারের মতো ‘সোয়েটশপ’ বা শ্রমিক শোষণের নেতিবাচক তকমা কাটাতে শুরু করবে। ফলে পশ্চিমা ভোক্তা অধিকার সংগঠনগুলোর পক্ষে বাংলাদেশে শ্রমিক শোষণের প্রচারণা চালানো কঠিন হবে এবং বিগত দিনে চাপ প্রয়োগকারী শ্রম অধিকার সংগঠনগুলো ঢাকায় এসে এই সাফল্য উদ্‌যাপন করবে।

রপ্তানি ও আন্তর্জাতিক ক্রেতাদের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, পশ্চিমা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা হয়তো পোশাকের ক্রয়মূল্য কিছুটা বাড়াবে, যা কারখানা মালিকদের প্রত্যাশা অনুযায়ী না-ও হতে পারে। তবে ক্রেতারা উৎপাদকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অটোমেশন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে বাধ্য করবে। শুরুতে রপ্তানি বাণিজ্যে কিছুটা ধাক্কা এলেও আগামী বছর থেকে তা কাটিয়ে উঠে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে। কারখানায় কর্ম পরিবেশ ও স্থিতিশীলতা ফিরে এলে নতুন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী হবে।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি উল্লেখ করেন, শ্রমিকদের জন্য সম্মানজনক মজুরি নিশ্চিত করা বিএনপির নেতৃত্বাধীন সরকারের জন্য একটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে। সংকট কাটাতে প্রয়োজন হলে সরকার ক্ষতিগ্রস্ত কারখানাগুলোকে এক থেকে দুই বছর ভর্তুকিও দিতে পারে। এর ফলে কারখানার স্থায়িত্বের পাশাপাশি শিল্প খাতে স্থিতিশীলতা বজায় থাকবে এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক প্রতিপক্ষের জন্য শ্রমিক অসন্তোষকে পুঁজি করার সুযোগ বন্ধ হবে। এর মাধ্যমে তারেক রহমান ও তাঁর সরকার শ্রমিকবান্ধব সরকার হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে পারবেন।

তবে উচ্চ মজুরির কারণে এক ধরণের আশঙ্কার কথাও স্মরণ করিয়ে দেন শফিকুল আলম। তাঁর ধারণা, বেতন বৃদ্ধি পাওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকধারী পুরুষরাও পোশাক খাতে কাজে উৎসাহিত হতে পারেন। এতে সামগ্রিক উৎপাদনশীলতা বাড়লেও নারী শ্রমিকদের অংশগ্রহণ ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা নব্বইয়ের দশকে ছিল ৮০ শতাংশ এবং বর্তমানে প্রায় ৫৩ শতাংশ। ফলে নারীরা জুতা ও ওষুধশিল্পের মতো সম্ভাবনাময় নতুন খাতগুলোতে বিকল্প কর্মসংস্থানের দিকে ঝুঁকে পড়তে পারেন।

সবশেষে তিনি মনে করেন, এই মজুরি বৃদ্ধি সব দিক বিবেচনা করে ট্রেড ইউনিয়ন, শ্রমিক এবং বিএনপির নেতৃত্বাধীন সরকার ও তারেক রহমানের জন্য একটি বড় ঐতিহাসিক বিজয়। আধুনিক প্রযুক্তি গ্রহণে পিছিয়ে থাকা কারখানাগুলোর জন্য এটি এক কঠিন বাস্তবতার বার্তা বহন করলেও শেষ পর্যন্ত বাংলাদেশে এটি এক নতুন আশার যুগের সূচনা ঘটাবে।