সাত খুন মামলায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় এলিট ফোর্স র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘটনার প্রধান আসামি হিসেবে চিহ্নিত তারেক সাঈদ মোহাম্মদের জবানবন্দিতে এসংক্রান্ত নির্দেশনা ও ভূমিকার কথা স্পষ্টভাবে উঠে এসেছে। সাত খুন মামলার আপিল শুনানি শেষে এই ব্রিফিং করা হয়।

অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারেক সাঈদ মোহাম্মদ স্পষ্ট করেছেন যে, জিয়াউল আহসানের অনুমতি ও নির্দেশ ছাড়া র‍্যাবের কোনো ধরণের অভিযান পরিচালনা সম্ভব ছিল না। পুরো সমাজকে নাড়া দেওয়া এই রোমহর্ষক অপরাধের নথিপত্র ও আসামিদের দেওয়া বয়ানে হত্যাকাণ্ডের যে চিত্র ফুটে উঠেছে, তা অত্যন্ত ভয়াবহ বলে মন্তব্য করেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, শুরুতেই পাঁচজন ব্যক্তিকে অপহরণ করা হয়। তবে আইনজীবী চন্দন সরকার এবং তাঁর গাড়িচালক ঘটনাটি সরাসরি দেখে ফেলায় তাঁদেকেও তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সাতজনকেই অচেতন করে হত্যা করার পর মরদেহ যেন পানির ওপরে ভেসে উঠতে না পারে, সেজন্য পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। আসামিরা তাদের জবানবন্দিতে অপরাধের পরিকল্পনা থেকে শুরু করে অপহরণ, হত্যা এবং মরদেহ গুমের বিস্তারিত উল্লেখ করেছেন, যা মামলার অন্যান্য প্রমাণের সঙ্গে মিলে যায়।

আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌশল ও যুক্তির কথা তুলে ধরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক জানান, এই নির্মম হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিচারে মূল ভিত্তি হিসেবে কাজ করছে। শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ এবং মূল অভিযুক্তদের জবানবন্দি আদালতের সামনে তুলে ধরা হয়।

আদালতে তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, সেকশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের স্বীকারোক্তির গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনায় রাষ্ট্রপক্ষ। ব্যারিস্টার অনীক আর হক জানান, তারেক সাঈদের সরাসরি নির্দেশে সাতজনকে হত্যা করা হয় এবং লাশের পেটে ইট বেঁধে নদীতে ফেলার প্রক্রিয়া সম্পাদন করা হয়েছিল, যার সঙ্গে অন্যান্য তথ্য-প্রমাণের পূর্ণ সামঞ্জস্য রয়েছে। মামলাটিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক যুক্তিনাম পেশ করেন।