মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। বুধবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে এই অবরোধ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আটটার পর থেকেই শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে অবস্থান নিতে শুরু করেন। সকাল সাড়ে নয়টার দিকে তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। বেলা সোয়া ১১টা পর্যন্ত মহাসড়কটি বন্ধ ছিল, যার ফলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিক আন্দোলনের মুখে এলাকায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩১টি কারখানা বন্ধ রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন জানান, মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

এর আগে মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১ এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩ এ ১৯ হাজার ২০০ টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে। তবে গ্রেড-৪ এর মজুরি নিয়ে ঐকমত্য না হওয়ায় গোপন ভোটের মাধ্যমে তা ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন মজুরি কাঠামো কার্যকর হবে বলে জানানো হয়েছে। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।