মানবতাবিরোধী অপরাধীদের শনাক্তে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ প্রসিকিউশনের

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাসহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহের জন্য দেশজুড়ে গণশুনানি আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া এসব অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গণশুনানি চলাকালে কোনো অপরাধীকে শনাক্ত করা সম্ভব হলে প্রয়োজনে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এই গণশুনানি অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সহায়তায় এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হবে। নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনগুলোকেও এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকার এই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

মো. আমিনুল ইসলাম আরও বলেন, এরইমধ্যে বিভিন্ন সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল, সংগঠন এবং ভুক্তভোগী পরিবারের কাছে চিঠি পাঠানো হচ্ছে। গণশুনানির মাধ্যমে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করা হবে। যেসব ঘটনার বিষয়ে আগেই মামলা হয়েছে, সেগুলোর কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। আর যেসব ঘটনার কোনো মামলা নেই, সেসব ক্ষেত্রে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করা হবে। মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তা তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।

প্রাথমিকভাবে যশোর জেলা থেকে গণশুনানি শুরুর পরিকল্পনা থাকলেও ২৮ নভেম্বর আইনজীবী সমিতির নির্বাচনের কারণে তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকেই দেশের কোনো না কোনো জেলায় এই কর্মসূচি শুরু হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে অসংখ্য ক্রসফায়ার ও গুমের অভিযোগ রয়েছে, যার অনেকগুলোই এখনো মামলা আকারে নথিভুক্ত হয়নি। অনেক ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের আশায় থাকলেও মামলা করার সুযোগ পায়নি। এছাড়া অনেক অভিযুক্ত অপরাধী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তথ্য রয়েছে। আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার বার্তা দিতেই এই গণশুনানি আয়োজন করা হচ্ছে।

গণশুনানির আইনগত বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তদন্ত করার এবং অভিযোগ দাখিল করার পূর্ণ আইনি ম্যান্ডেট রয়েছে।