হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল হাওয়ার দাপটে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, আর ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন শীতের আমেজ দেখা গেছে। রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা থাকলেও দিনের শুরুতে সূর্য উঠছে। তবে হিমেল বাতাসের কারণে সকালের দিকেও শীতের অনুভূতি বেশি থাকছে। বিশেষ করে দিনমজুর ও কাজে বের হওয়া সাধারণ মানুষকে এই ঠান্ডার মধ্যেই চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের প্রকোপ বাড়ছে। হাড়িভাসা এলাকার বাসিন্দা রাজিব হোসেন জানান, রাতে হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে বেশি ঠান্ডা অনুভূত হয়। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে শীত কমছে না। আরিফ ইসলাম নামে আরেক বাসিন্দা জানান, দিনের বেলা রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিললেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীত আবার বাড়তে শুরু করে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, বুধবার সকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। রাতভর হিমেল বাতাসের প্রবাহ অব্যাহত থাকায় ভোর ও সকালে শীতের অনুভূতি বেশি তীব্র হচ্ছে।