এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত করার সুপারিশ সংসদীয় কমিটির

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে একটি ‘নারী শিক্ষকবান্ধব’ বদলি নীতিমালা গঠনের তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংসদীয় স্থায়ী কমিটির এই সুপারিশ ও সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।

সংসদীয় কমিটির বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা যায়, স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বৈঠকে শিক্ষকদের বদলির বিষয়টি সামনে আনেন। নিজ জেলা থেকে বহু দূরে পদায়ন এবং বদলির ব্যবস্থা না থাকার কারণে অসংখ্য নারী শিক্ষক চরম পারিবারিক সংকটে পড়েছেন বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। দূরত্বের কারণে অনেকের সংসার ভেঙে যাওয়া, বিবাহবিচ্ছেদ ঘটা এবং বাধ্য হয়ে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার মতো মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি দ্রুততম সময়ের মধ্যে নারী শিক্ষকবান্ধব একটি বদলি নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

কমিটি সভাপতির ওই উদ্বেগের পর এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বক্তব্য জানতে চাওয়া হয়। জবাবে এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলি প্রক্রিয়া এনটিআরসিএর এখতিয়ারভুক্ত কোনো বিষয় নয়; এটি পুরোপুরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করে থাকে।

পরবর্তীতে বৈঠকে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের জন্য বদলি নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। মাউশির পক্ষ থেকে বদলি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ইতিমধ্যে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করে রাখা হয়েছে। মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় বদলি কার্যক্রম শুরু করার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।