ঝিনাইদহে খাদ্যশস্যের ভর্তুকির সার চলে যাচ্ছে তামাক চাষে

ভরা মৌসুমে খাদ্যশস্য ও রবি ফসলের আবাদ বাদ দিয়ে ঝিনাইদহ জেলাজুড়ে উর্বর কৃষি জমিতে ক্ষতিকর তামাক চাষের ব্যাপক তোড়জোড় চলছে। সরকারিভাবে তামাক চাষে কোনো সার বরাদ্দের বিধান না থাকলেও অসাধু ডিলারদের মাধ্যমে সাধারণ কৃষকদের জন্য বরাদ্দকৃত ভর্তুকির সার চলে যাচ্ছে তামাক চাষিদের জমিতে। এতে একদিকে যেমন পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে, অন্যদিকে ন্যায্যমূল্যে সার না পেয়ে চরম বিপাকে পড়েছেন খাদ্যশস্য ফলানো প্রান্তিক কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিসিআইসির সার ডিলারদের একটি অসৎ চক্র প্রকৃত কৃষকদের বঞ্চিত করে রাতের আঁধারে চড়া দামে তামাক চাষিদের কাছে সার বিক্রি করছে। অভিযোগ রয়েছে, তামাক কোম্পানিগুলোর দেওয়া গোপন সুবিধা ও নগদ অর্থ প্রলোভনে মাঠপর্যায়ের কিছু কৃষি কর্মকর্তাও বিষয়টি দেখেও না দেখার ভান করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় তামাক চাষ কমার বদলে ক্রমাগত বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে ১৬০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল, যা ২০২২-২৩ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ২৫১ হেক্টরে। পরবর্তী ২০২৩-২৪ অর্থবছরে ১৯৩ হেক্টর এবং ২০২৪-২৫ অর্থবছরে ২২৪ হেক্টর (অন্য সূত্রে ২২৯ হেক্টর) জমিতে তামাকের আবাদ হয়। এর মধ্যে কেবল মহেশপুর উপজেলাতেই সর্বোচ্চ ৮৪ হেক্টর জমিতে তামাক চাষ হয়। কৃষি বিভাগের আশঙ্কা, চলতি ২০২৬-২৭ অর্থবছরে জেলাজুড়ে তামাক আবাদ ৩০০ হেক্টরের কাছাকাছি পৌঁছাতে পারে।

সরেজমিনে দেখা গেছে, জমিতে তামাকের চারা রোপণ পুরোদমে শুরু হওয়ার আগেই মহেশপুর, ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন গ্রামে আগাম ইউরিয়া ও টিএসপি সার মজুত করা হচ্ছে। বিশেষ করে সদর উপজেলার উদয়পুর, পোড়াহাটি ও দৌগাছী; শৈলকুপার আবাইপুর, হাটফাজিলপুর, কৃপালপুর, বকশিপুর, ফলিয়া ও ফুলহরি এবং হরিণাকুণ্ডুর শ্রীফলতলা, বিন্নী, মান্দারবাড়িয়া, দুর্লভপুর, বাসুদেবপুর, চাঁদপুর, কন্যাদহ ও বড়ভাদড়া এলাকায় ব্যাপকভাবে সার মজুতের তথ্য পাওয়া গেছে।

পবহা‌টি গ্রামের আলমসাধু চালক আলমগীর মোল্লা জানান, তিনি ডিলার পয়েন্ট থেকে বস্তাভর্তি সার নিয়ে নিয়মিত তামাক চাষিদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। অন্যদিকে পোড়াহাটি ইউনিয়নের কৃষক ব‌শির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিলারদের কারসাজিতে রাতের আঁধারে বেশি দামে তামাক চাষিদের হাতে সার চলে যাচ্ছে। এর ফলে সাধারণ ফসল ফলাতে সার পাওয়া যাচ্ছে না। তবে দোগাছী ইউনিয়নের সার ডিলার উজ্জ্বল হোসেনের দাবি, কৃষকরা ভুট্টা বা অন্য ফসলের কথা বলে সার কিনে নিলে তা যাচাই-বাছাই করার সুযোগ তাদের থাকে না।

কেন তামাক চাষে ঝুঁকি নিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে উদয়পুরের তামাক চাষি সাইফুল হো‌সেন ও শৈলকুপার বরকত আলী জানান, সাধারণ ফসলে ন্যায্য দাম পাওয়া যায় না। কিন্তু তামাক কোম্পানিগুলো আবাদের শুরুতেই নগদ অর্থ জোগায় এবং ফসল বিক্রির নিশ্চয়তা দেয়। তাই বাধ্য হয়েই তারা তামাক চাষের দিকে ঝুঁকছেন।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি নভেম্বর মাসে ঝিনাইদহে মোট ৩ হাজার ২৪৪ মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদরে ৬১০, কালীগঞ্জে ৬০০, কোটচাঁদপুরে ২৪০, মহেশপুরে ৬৮৪, শৈলকুপায় ৭০৫ এবং হরিণাকুণ্ডু উপজেলায় ৪০৫ মেট্রিক টন বরাদ্দ রয়েছে। এছাড়া পুরো জেলায় টিএসপি ২ হাজার ৮১০, ডিএপি ৬ হাজার ৩ ৯০ এবং এমওপি ২ হাজার ৮৯৬ মেট্রিক টন বরাদ্দ রয়েছে।

আইনি প্রয়োগ ও দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় সচেতন মহল। চলতি বছরের ১৯ জানুয়ারি তিন বা ততোধিক ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ করে ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হলেও মাঠে তার কঠোর প্রতিফলন দেখা যাচ্ছে না।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান জানি‌য়ে‌ছেন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকদের সচেতন করতে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কর্মশালা, মাটি পরীক্ষা এবং কম সারে অধিক ফলন পাওয়ার নানা কৌশল পরামর্শ হিসেবে দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি তামাকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।