যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নৌ অবরোধকে সরাসরি ‘সামরিক আগ্রাসন’ হিসেবে দেখছে ইরান। এই পরিস্থিতিতে নিজেদের আত্মরক্ষায় হাতে থাকা সব ধরনের উপায় প্রয়োগ করার ঘোষণা দিয়েছে তেহরান। সোমবার (২৩ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘাই এ সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আগ্রাসন হিসেবে উল্লেখ করে বাঘাই স্পষ্ট করে জানান, ইরান কোনো অবস্থাতেই এই নৌ অবরোধ মেনে নেবে না। এ ধরনের পরিস্থিতিতে সার্বভৌমত্ব ও আত্মরক্ষার তাগিদে যেকোনো আইনি বা সামরিক পদক্ষেপ গ্রহণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে।
ইরানের তেল রপ্তানিসংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর যুক্তরাষ্ট্র প্রথম গত ১৩ এপ্রিল নৌ অবরোধ জারি করে। পরবর্তীতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি খসড়া সমঝোতা প্রতিষ্ঠিত হলে জুনে সেই অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছিল। তবে ওই খসড়া সমঝোতা ভেস্তে যাওয়ার পর গত ১৪ জুলাই থেকে আবারও কঠোরভাবে অবরোধ কার্যকর করে মার্কিন প্রশাসন। এই ধারাবাহিক বিধিনিষেধের প্রভাবে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের উন্মুক্ত অপরিশোধিত তেল রপ্তানি বলতে গেলে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
সম্প্রতি পারস্য উপসাগরে আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে তেল স্থানান্তরের গুঞ্জন ওঠে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ট্যাংকারট্র্যাকার্স ডটকম গত সপ্তাহে এক প্রতিবেদনে দাবি করেছিল, পারস্য উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে ইরানি অপরিশোধিত তেল ট্যাংকারে তোলা হচ্ছে। জুলাইয়ে নতুন করে মার্কিন বিধিনিষেধ আরোপের পর এটি সফল হলে তা হতো ইরানের প্রথম তেল রপ্তানি উদ্যোগ। তবে বাঘাই সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন ও ‘নিছক অনুমান’ বলে উড়িয়ে দেন।
একইসঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন প্রশাসন তাদের শর্তসমূহ পূরণ না করা পর্যন্ত প্রণালি দিয়ে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার করা হবে না। এসব শর্তের মধ্যে রয়েছে—যুদ্ধ বন্ধ করা, মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার এবং বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নেওয়া। বাঘাই জানান, ওয়াশিংটন এসব শর্ত মেনে নিলে খুব অল্প সময়ের মধ্যেই ইরান নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হবে।

