জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী। এই ধারাবাহিকতায় সোমবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী তার জায়গা থেকে ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকে গত সাত থেকে আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারিক কর্মকাণ্ডে আপসকামিতা এবং আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার বিষয়টিও বর্তমান সংকট তৈরিতে ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

