বাহরাইনে ইরানি হামলা ও মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার দাবি

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা বাহরাইনের আল-রাফা ও আওয়ালি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। তবে বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় দেশটির একটি বেসামরিক শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাহরাইন সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সম্ভাব্য হুমকির সতর্কতা জারি করেছে।

এদিকে জর্ডান এই হামলাকে বাহরাইনের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করে বাহরাইনের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।

অন্যদিকে, আইআরজিসি দাবি করেছে যে তারা হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার এবং এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানের দাবি পূরণ হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব, তবে তিনি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে স্থানান্তরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

ইরানের হুমকির কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন। ইরান সংশ্লিষ্ট প্রাণনাশের হুমকির জেরে তাকে ওয়াশিংটন ডিসির বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও তিনি কোন ঘাঁটিতে আছেন তা স্পষ্ট করা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল তার বাড়ির ছবি প্রকাশের পর ইরান তার অবস্থান শনাক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বিরোধকে বৈশ্বিক অর্থনীতির জন্য বড় বোঝা হিসেবে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করেছেন যে, এই সংঘাতের কোনো সমাধান না হলে পরিস্থিতি আরও ধ্বংসাত্মক দিকে যাবে। ফিদান জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চলছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাঠামোর মধ্যে আলোচনার সুযোগ রয়েছে।