গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপত্যকাটিতে বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার ও পানীয় নিয়ে যাওয়া একটি গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি তাঁবুতে বসবাসকারী অসহায় পরিবার এবং শিশুদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গাড়িটি শিশুদের খাবার দেওয়ার জন্য থামার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই হামলাটি চালানো হয়। তিনি আক্ষেপ করে বলেন, যারা অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কাজ করছেন, তারাও এখন ইসরাইলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

একই দিনে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালালে আরও তিনজন আহত হন, যাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি গাজা সিটি থেকে জানান, যুদ্ধবিরতি সত্ত্বেও সাধারণ ফিলিস্তিনিদের জীবনে কোনো স্বস্তি ফেরেনি; বরং ইসরাইলি হামলা ও গুলিবর্ষণ নিত্যদিনের অভিশপ্ত বাস্তবতায় পরিণত হয়েছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংঘাতের পাশাপাশি শীতের বৃষ্টি ও বন্যায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষ চরম খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।