বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে অথবা বাংলাদেশ সময় রোববার ভোর প্রায় ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের এই হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামো। হামলার পরপরই সেখানে আগুন ধরে যায়। তবে কর্তৃপক্ষ অবকাঠামোটির ধরন বা সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। এদিকে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তারা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন। সিত্রা দ্বীপে বেশ কিছু বাণিজ্যিক স্থাপনা রয়েছে, যার মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও অন্তর্ভুক্ত।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন পরিচালনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে যে, তাদের এই হামলায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত এবং গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে একাধিকবার হামলা চালিয়েছে ইরান।