পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম

পাকিস্তান ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদল এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ জন ক্রিকেটারের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, সাবেক টেস্ট অধিনায়ক শান মাসুদ এবং তরুণ ওপেনার সাইম আইয়ুবের। এছাড়া পরিচিত মুখদের মধ্যে ইমাম-উল-হকসহ আরও কয়েকজনকে চুক্তির বাইরে রাখা হয়েছে।

নতুন চুক্তির কাঠামোতে বড় পরিবর্তন এনেছে পিসিবি। আগের মতো এ, বি, সি বা ডি ক্যাটাগরিতে বেতনভিত্তিক বিভাজন না রেখে এবার ক্রিকেটারদের পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো টেস্ট ও ওয়ানডে, শুধু টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, শুধু টি-টোয়েন্টি এবং ডেভেলপমেন্ট বিভাগ। এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন এই বিন্যাসে বাবর আজম ও সালমান আলী আগা টেস্ট ও ওয়ানডে উভয় সংস্করণের চুক্তিতে জায়গা পেয়েছেন। শুধুমাত্র টেস্টের চুক্তিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফখর জামান, ফাহিম আশরাফ, আবরার আহমেদ ও আরাফাত মিনহাস ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণের চুক্তিতে আছেন। এছাড়া টি-টোয়েন্টির চুক্তিতে নাসিম শাহ, শাদাব খান ও সাহিবজাদা ফারহানসহ মোট সাতজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবচেয়ে বেশি ১৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে ডেভেলপমেন্ট বিভাগে, যারা সম্প্রতি ঘরোয়া ক্রিকেট বা জাতীয় দলে ভালো পারফর্ম করেছেন। সব মিলিয়ে আগের চুক্তির তুলনায় এবার আটজন বেশি ক্রিকেটারকে বোর্ডের আওতায় আনা হলেও নতুন তালিকা থেকে ১৩ জন বাদ পড়েছেন।

লাহোরে তালিকা প্রকাশের সময় পিসিবির হাইপারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ জানিয়েছেন, নির্বাচক ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই কাঠামো চূড়ান্ত হয়েছে। প্রধান কোচ মাইক হেসনও এই নতুন ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন, যা ক্রিকেটারদের নিজেদের ভূমিকা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেবে। তবে চুক্তি না থাকা মানেই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। আকিব জাভেদ স্পষ্ট করেছেন যে, চুক্তির বাইরে থাকলেও রিজওয়ানসহ অন্য ক্রিকেটাররা জাতীয় দলের নির্বাচনের জন্য বিবেচিত হতে পারবেন।