ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ বেসামরিক নাগরিক নিহত

ইয়েমেনে গত ২৪ ঘণ্টার ব্যবধানে সৌদি নেতৃত্বাধীন জোটের চালানো বিমান হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু এবং সাতজন নারী রয়েছেন। এছাড়া এই ভয়াবহ হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন। সানা, তায়েজ, সা’দা, লাহিজ ও হাজ্জা প্রদেশে এসব হামলা চালানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক এসব হামলায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৮ জনে এবং আহত হয়েছেন ৯২৪ জন। উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান ও অবরোধ শুরুর মধ্য দিয়ে ইয়েমেনে এই সংঘাতের সূত্রপাত হয়।

এদিকে, ইয়েমেনের কৌশলগত লোহিত সাগরীয় হুদাইদাহ বন্দরে সৌদি জোটের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটি এই হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক উসকানি’ হিসেবে অভিহিত করেছে এবং এর প্রতিশোধ হিসেবে সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে।