ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কেশম দ্বীপের উপকণ্ঠে যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে (জিএমটি ১৫টা ২০ মিনিট) কেশম শহরের নিকটবর্তী একটি এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত করে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে অবস্থিত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার ধারাবাহিকতায় এই ঘটনাটি ঘটল। এর আগে গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছিল যে, মার্কিন বাহিনী দ্বীপটির কয়েকটি স্থানে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরান ইসরাইল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। যদিও জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল এবং দুই দেশ আলোচনাও শুরু করেছিল, কিন্তু হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে সেই আলোচনা পরবর্তীতে স্থবির হয়ে পড়ে। যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাই মাস থেকে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ছে।

