বৃষ্টি উপেক্ষা করে এসবিএমসি’র ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বয়স, ব্যস্ততা আর ভৌগোলিক দূরত্বকে পেছনে ফেলে প্রিয় ক্যাম্পাসে ফিরে এসেছিলেন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (এসবিএমসি) প্রাক্তন শিক্ষার্থীরা। শুক্রবার (২০ নভেম্বর) প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করেই কলেজটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'এসবিএমসি ডে'তে অংশ নেন তারা। দিনব্যাপী এই আয়োজনে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরোনো সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস।

সকালবেলা কলেজ ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। এরপর সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বান্দ রোড প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। বেলা সাড়ে ১১টার দিকে কলেজের মুক্তমঞ্চে আয়োজিত কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। অনুষ্ঠানে কলেজের প্রথম ব্যাচের ছাত্রী অধ্যাপক ডা. খাদিজা, প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মিনতি অধিকারী ও অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। এ সময় কলেজ জীবনের নানা ঘটনা, আনন্দ-বেদনা ও বন্ধুত্বের গল্প উঠে আসে, যা প্রথম থেকে ৫৭তম ব্যাচের শিক্ষার্থীদের এক অভিন্ন বন্ধনে আবদ্ধ করে।

প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম জানান, এবারের আয়োজনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষক এবং দেশ-বিদেশে কর্মরত চিকিৎসকসহ প্রায় ১ হাজার ৫০০ জন অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় সবার মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু বলেন, এসবিএমসি ডে কেবল একটি বার্ষিক উদযাপন নয়, বরং এটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের অনন্য মিলনমেলা। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরব ধারণ করা এবং সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়া সহপাঠীদের আবারও একত্রিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

দিনের শেষভাগে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিগার সুলতানা সুমির নেতৃত্বাধীন জনপ্রিয় ফোক-রক ও ফিউশন ব্যান্ড ‘লালন’ সংগীত পরিবেশন করে। ব্যান্ডটির মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।