ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা রক্ষায় নতুন নিরাপত্তাব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যাল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা পড়ার ঝুঁকি ঠেকাতে অ্যাপটিতে স্ক্রিনশট নেওয়ার সুযোগ সীমিত করা হচ্ছে। প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে যে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় ধরনের অস্তিত্বগত হুমকি তৈরি করছে।
শুক্রবার (২০ নভেম্বর) সিগন্যাল জানায়, তাদের নতুন ব্যবস্থায় এআই এজেন্টদের অ্যাপের বার্তায় প্রবেশাধিকার সীমাবদ্ধ করা হবে। এর অংশ হিসেবে স্ক্রিনশট নেওয়া বন্ধ রাখার একটি সেটিং চালু করা হচ্ছে, যা অ্যাপ ব্যবহারের শুরু থেকেই ডিফল্টভাবে সক্রিয় থাকবে। যদি কোনো এআই সহকারী বা অন্য কোনো প্রক্রিয়া ব্যবহারকারীর স্ক্রিন থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করে, তবে ডিভাইসভেদে ব্যবহারকারীরা একটি সতর্কবার্তা পাবেন। তবে ব্যবহারকারীরা চাইলে তাদের প্রয়োজন অনুযায়ী এই নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন।
সিগন্যালের মূল উদ্বেগের জায়গায় রয়েছে অ্যাপলের সিরি এআই এবং গুগলের জেমিনির মতো অপারেটিং সিস্টেমে যুক্ত থাকা এআই প্রযুক্তি। প্রতিষ্ঠানটির মতে, এসব এআই এজেন্ট ব্যবহারকারীর স্ক্রিন দেখার পাশাপাশি বিভিন্ন অ্যাপে প্রবেশ করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম, যা তথ্যের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের প্রতি আহ্বান জানিয়ে সিগন্যাল বলেছে, এআই সহকারীদের মাধ্যমে সংবেদনশীল তথ্য সংগ্রহ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং এসব এজেন্ট কীভাবে তথ্য ব্যবহার করছে সে বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
সাম্প্রতিক সময়ে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে, মেটার ‘মিউজ’ এআই এজেন্ট অপারেটিং সিস্টেমের বিভিন্ন অনুমতি কাজে লাগিয়ে সিগন্যালের বার্তা সংগ্রহ করতে পেরেছিল। ম্যাক কম্পিউটারে অ্যাক্সেসিবিলিটি ও স্ক্রিনশট সুবিধা ব্যবহার করে এআইটি কথোপকথনের ছবি তুলে লেখা শনাক্ত করে এবং তা মিউজ অ্যাপে প্রদর্শন করে। যদিও অ্যাপল তাদের সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে এই নির্দিষ্ট পদ্ধতিটি বন্ধ করেছে, তবুও নতুন কিছু অনুমতির মাধ্যমে এআই এজেন্টদের একই ধরনের সক্ষমতা পাওয়ার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সিগন্যালের মতে, এআই এজেন্টগুলো ই-মেইলের উত্তর দেওয়া বা কেনাকাটার মতো কাজ করতে পারলেও অন্য অ্যাপের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে। তাই ডেভেলপারদের এমন সুযোগ থাকা উচিত যাতে এআই এজেন্টগুলো স্ক্রিনের তথ্য পড়া, নোটিফিকেশন দেখা ও ফাইল ব্যবস্থায় প্রবেশ থেকে বিরত থাকে। সিগন্যাল তাদের এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বার্তার নিরাপত্তা নিশ্চিত করে, যেখানে নিজস্ব সার্ভার থেকেও কথোপকথন পড়া সম্ভব নয়। এআই এজেন্ট স্ক্রিন থেকে তথ্য সংগ্রহ করলে সেই সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে বলে প্রতিষ্ঠানটি আশঙ্কা করছে।

