পোশাক খাতে মজুরি আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি

তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনের জেরে পোশাক খাতে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা। রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এই ক্ষতির পরিমাণ প্রতিদিন আরও বাড়তে থাকবে। এই নেতিবাচক প্রভাব কেবল পোশাকশিল্পেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা দেশের পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস এবং অন্যান্য সংশ্লিষ্ট খাতের মাধ্যমে পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মো. আবদুল হামিদ বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির এই সময়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিটি অত্যন্ত যৌক্তিক। বর্তমানে নিম্নতম মজুরি বোর্ডের কাজ চলমান রয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট পক্ষগুলো এমন একটি সময়োপযোগী মজুরিকাঠামো নির্ধারণে সফল হবে, যা একই সঙ্গে শ্রমিকদের জন্য সম্মানজনক এবং কারখানাগুলোর জন্য বহনযোগ্য হবে।

বিজিবিএর সভাপতি জানান, বর্তমান অস্থিরতার কারণে শুধু নতুন পণ্যের উৎপাদনই ব্যাহত হচ্ছে না, বরং তৈরি পণ্যগুলো নির্ধারিত সময়ে জাহাজীকরণেও বিলম্ব ঘটছে। আগামী মৌসুমের পণ্য সময়মতো সরবরাহ করতে না পারলে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হতে পারে। এছাড়া আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপের ঝুঁকিও তৈরি হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আবদুল হামিদ আরও বলেন, চলমান মজুরি আন্দোলনের ফলে ক্রয়াদেশের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণ কমে যাওয়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে উৎপাদনকারী কারখানাগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং কারখানাগুলো তাদের পূর্ণ উৎপাদন সক্ষমতা অনুযায়ী চলতে পারবে না। এমন পরিস্থিতির চাপে অনেক কারখানা উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে পারে, যার ফলে শিল্পের সক্ষমতা ও রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অসংখ্য শ্রমিক ও তাঁদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।