জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ডাউন থাকায় গত তিন দিন ধরে সঞ্চয়পত্রের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এই কারিগরি বিপর্যয়ের ফলে গ্রাহকরা নতুন করে সঞ্চয়পত্র কিনতে পারছেন না এবং বিভিন্ন স্কিমের মুনাফার অর্থও উত্তোলন করতে পারছেন না। একই সঙ্গে আয়কর রিটার্ন জমার জন্য প্রয়োজনীয় উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্রও পাওয়া যাচ্ছে না। এতে রিটার্ন জমা দিতে গিয়ে করদাতারা বড় ধরনের বিপাকে পড়েছেন। এমনকি ই-রিটার্নে তথ্য পূরণ করে সাবমিটের অপেক্ষায় থাকা আবেদনগুলোও বর্তমানে আটকে আছে। সব মিলিয়ে সার্ভার বিপর্যয়ে সঞ্চয়পত্রের গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আব্দুল আউয়াল খান নামের একজন গ্রাহক জানান, তার সংসার চলে সঞ্চয়পত্রের মাসিক মুনাফার ওপর। কিন্তু গত কয়েক দিন ধরে সেই টাকা তুলতে না পেরে তিনি চরম সংকটে পড়েছেন। ব্যাংকে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন যে সার্ভার ডাউন থাকার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, এত গুরুত্বপূর্ণ একটি সেবা বন্ধ থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার থেকে সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। এরপর থেকেই সঞ্চয়পত্রের সব ধরনের বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। সঞ্চয়পত্র কিনতে এসে অনেক গ্রাহককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। একইভাবে যাদের মুনাফা উত্তোলনের সময় হয়েছে, তারাও প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত ব্যক্তি ও নির্দিষ্ট আয়ের অনেক মানুষের দৈনন্দিন ব্যয় নির্বাহে এ অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে দীর্ঘ সময় সেবা বন্ধ থাকায় তাদের ভোগান্তি আরও বেড়েছে।
বৃহস্পতিবার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান আমার দেশকে জানান, গত তিন দিন ধরে সার্ভার ডাউন রয়েছে এবং সমস্যা সমাধানে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, বৃহস্পতিবার রাতের মধ্যেই সেবা চালু হয়ে যাবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, রাতে সেবা চালু হলেও গ্রাহকরা আগামী রোববার সকাল ৯টার আগে লেনদেন করতে পারবেন না।

