পাহাড় ও গার্মেন্টসসহ সব অস্থিরতার শিকড় এক জায়গায়: এবি পার্টি

পাহাড় থেকে শুরু করে গার্মেন্টস এবং গোপালগঞ্জ—দেশের সব অস্থিরতার শিকড় এক জায়গায় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এবি পার্টি আয়োজিত ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশের এসব অস্থিরতার সঙ্গে দিল্লির স্বার্থ ও প্রভাবের প্রশ্নটি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার বাংলাদেশের জনগণের রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো বিদেশি প্রভাব বা হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। পার্বত্য চট্টগ্রামের সংকটকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের অভিন্ন জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে।

এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও লেখক আবু রুশদ, বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান এবং পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ প্রমুখ।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৫: ০৪আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৫: ০৫