ইসরাইল সফরের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেন্টকমপ্রধানের বৈঠক

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার রিয়াদে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। ইসরাইলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরপরই এই সফরটি সম্পন্ন হলো।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপায়গুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা বজায় রাখা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য চলমান প্রচেষ্টা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেছেন।

সৌদি আরবের সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলি এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে ব্র্যাড কুপার ইসরাইলের তেল আবিব সফর করেছিলেন। সেখানে তিনি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এবং দেশটির সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রস্তুতি ও সমন্বয় আরও জোরদার করার বিষয়েও কথা বলেন তারা।

তেল আবিবে বৈঠকের পর কুপারের রিয়াদ সফর এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তার আলোচনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতার বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।