জাতীয় যুব পুরস্কার বিজয়ী আব্দুল মোত্তালেব রায়হানকে লালপুরে সংবর্ধনা

জাতীয় যুব পুরস্কার ২০২৬-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করায় নাটোরের লালপুরের কৃতী সন্তান ও সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) লালপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর এবং উপজেলা বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, প্রকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম।

বক্তারা আব্দুল মোত্তালেব রায়হানের এই অর্জনকে কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো লালপুর উপজেলার জন্য গৌরব ও সম্মানের প্রতীক হিসেবে অভিহিত করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, রায়হানের এই সাফল্য এলাকার তরুণদের আত্মনির্ভরশীল হতে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে নতুন করে অনুপ্রাণিত করবে। তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা বলেন, রায়হানের এই অর্জন স্থানীয় যুবসমাজের সামনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে লালপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।