আগামী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দেশটির রাজধানী কলম্বোয় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক বৈঠকে তিনি এই রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ গ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রটি প্রতিমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন।
বৈঠকে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেন এবং ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী বলেও প্রেসিডেন্টকে অবহিত করেন।
আলোচনাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী উন্নয়ন মডেলের বিভিন্ন দিক তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য এবং সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ উদ্যোগ।
সৌজন্যমূলক এই সাক্ষাৎ ও আতিথেয়তার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

