মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকেরা জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শ্রমিক আন্দোলনের প্রভাব পড়েছে স্থানীয় শিল্পকারখানাগুলোতেও। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন। তিনি গণমাধ্যমকে জানান, শ্রমিক আন্দোলনের কারণে পরিস্থিতি বিবেচনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।